ধানমন্ডিতে চালু হলো উইংসের নতুন আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র

উইংস লার্নিং সেন্টারের কম্পিউটারভিত্তিক আইইএলটিএস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড, ২২ সেপ্টেম্বরছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে মঙ্গলবার থেকে চালু হলো উইংস লার্নিং সেন্টারের আধুনিক কম্পিউটারভিত্তিক আইইএলটিএস (আইসিও) পরীক্ষাকেন্দ্র। পরীক্ষার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে নিজস্ব ভবনে কেন্দ্রটির আধুনিকায়ন করা হয়েছে।

নতুন এই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিভিন্ন আধুনিক ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত কম্পিউটারভিত্তিক আইইএলটিএস পরীক্ষার কক্ষ, শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা, মৌখিক পরীক্ষার জন্য শব্দনিরোধক কক্ষ এবং শ্রবণ পরীক্ষার জন্য উন্নত মানের হেডফোন। রয়েছে আধুনিক কম্পিউটার ও পরীক্ষার্থীদের জন্য পৃথক কর্মস্থান। পর্যাপ্ত আলো-বাতাস ও শীতাতপনিয়ন্ত্রিত পরীক্ষাকক্ষও রয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নিবন্ধন ও অপেক্ষার স্থান, নিরাপদ প্রবেশ ও পরীক্ষা ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক শৌচাগার, প্রার্থনার স্থান, অগ্নিনিরাপত্তা ও জরুরি সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। পরীক্ষার পরিবেশ নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখতে রয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি, আইইএলটিএস প্রশিক্ষক, শিক্ষা সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, উইংস লার্নিং সেন্টারের ব্যবস্থাপনা দল ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেবা গ্রুপ ও উইংস লার্নিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হুসাইন চৌধুরী, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংরেজি ও পরীক্ষা বিভাগের বাজারপ্রধান ও ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আহমেদ, ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক তাহনী ইয়াসমিন, ব্যবসা ও শিক্ষা বিভাগের প্রধান শেহরিন শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফিতা কাটা ও কেক কাটার পর অতিথিরা নতুন পরীক্ষাকেন্দ্রটি ঘুরে দেখেন। এ সময় পরীক্ষার কক্ষ, শব্দনিরোধক মৌখিক পরীক্ষা কক্ষ, শব্দ নিয়ন্ত্রণব্যবস্থা, কম্পিউটার কর্মস্থান ও অন্যান্য সুবিধা সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। পরীক্ষার্থীর নিবন্ধন থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কীভাবে পরিচালিত হবে, তা-ও অতিথিদের দেখানো হয়।

উইংস লার্নিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হুসাইন চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর পরীক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি পরীক্ষার্থীদের উন্নত মানের সেবা দেওয়াই তাঁদের লক্ষ্য। ভবিষ্যতে আইইএলটিএস সেবাকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান তিনি। ২০০০ সাল থেকে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে উইংস লার্নিং সেন্টার। আগে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া নামে পরিচিত ছিল। ভাষা শিক্ষা, আইইএলটিএস প্রস্তুতি, পেশাগত প্রশিক্ষণ ও নির্বাহী উন্নয়ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও আন্তর্জাতিক এনজিওর জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। ২০১৭ সাল থেকে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করছে উইংস।