বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল শিশু, গাড়ির চাপায় মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির চাপায় দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, বাড়ির সামনে রাস্তায় খেলা করার সময় শিশুটিকে একটি গাড়ি চাপা দেয়।
নিহত শিশুটির নাম মরিয়ম। তার বাবার নাম লাভলু। মা রিভা বেগম। মৃধাবাড়ি এলাকায় তাঁরা বসবাস করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুল আলম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃধাবাজার এলাকার বাসিন্দা ও লাভলুর প্রতিবেশী মো. শামীম প্রথম আলোকে বলেন, লাভলু-রিভা দম্পতির একমাত্র সন্তান মরিয়ম। বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল সে। এ সময় অজ্ঞাত গাড়িটি তাকে চাপা দিয়ে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাসুদ মোল্লা প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে মৃধাবাড়ি এলাকার কাজীরগাঁওয়ের সড়কে অজ্ঞাত একটি গাড়ি শিশুটিকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরিয়মের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।