ডেঙ্গু প্রতিরোধে দেড় হাজার কর্মী নিয়ে মাঠে নামছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) লোগো

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শনিবার ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম পরিচালনা করবে। সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ২৪টি দলে ভাগ হয়ে প্রায় ১ হাজার ৫০০ কর্মী বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালাবেন।

শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর ডিএনসিসির কার্যক্রম শুরু হবে। শুক্রবার রাতে ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, উদ্বোধন অনুষ্ঠান শেষে অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও এর আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভা নিধন কার্যক্রম চালানো হবে।

এ জন্য অঞ্চল-২, ৩ ও ৪ থেকে নির্ধারিত সংখ্যক সুপারভাইজার ও মশকনিধন কর্মীকে শনিবার সকালের কেন্দ্রীয় কার্যক্রমের জন্য অঞ্চল-৫ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের এসব কর্মী নির্ধারিত সময়ে দায়িত্বস্থলে উপস্থিত আছেন কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

তবে কেন্দ্রীয় কার্যক্রমে অংশ নেওয়া এসব সুপারভাইজার ও মশক কর্মী ছাড়া অঞ্চল-২, ৩ ও ৪-এর অন্য কর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভা নিধন কার্যক্রম চালাবেন।

এ ছাড়া অঞ্চল-১, ৬, ৭, ৮ ও ৯-সহ ডিএনসিসির অন্যান্য সব অঞ্চলেই জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রমে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল এবং আগে শনাক্ত হওয়া হটস্পটগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, শনিবারের কার্যক্রমে শুধু মশকনিধন নয়, এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্ট সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের নিজ নিজ অঞ্চলের কার্যক্রমের সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে জনবল মোতায়েন, কার্যক্রমের অগ্রগতি এবং শনাক্ত প্রজননস্থল ধ্বংসের বিষয়গুলো সরাসরি পর্যবেক্ষণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, অঞ্চল-৫-এ কেন্দ্রীয় ও বিশেষ কার্যক্রম পরিচালিত হলেও জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ডিএনসিসির সব অঞ্চলেই সমন্বিতভাবে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি স্টলও স্থাপন করা হয়েছে। এটা শনিবার সকাল ৯টায় খোলা হবে। এতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন তথ্য ও সচেতনতামূলক উপকরণ প্রদর্শন করা হবে।