রাজধানীর কলাবাগানে ট্রাকচাপায় যুবক নিহত: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগান এলাকায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। কলাবাগান থানা-পুলিশ এই তথ্য জানিয়েছে।

নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তাঁর বয়স ২৫ বছরের মতো হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সুমিত আহমেদ আজ সোমবার প্রথম আলোকে বলেন, রাতে তাঁরা খবর পেয়ে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেন। সেখানকার লোকজন পুলিশকে জানান, একটি ট্রাকচাপায় ওই যুবক নিহত হয়েছেন।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসআই সুমিত বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। যে ট্রাকটি যুবককে চাপা দিয়েছে, সেটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।