খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ি রেলগেট এলাকায় একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে বিস্ফোরণ ঘটেছে। এতে এক নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
সোমবার বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মারিয়া (১৮), তাঁর খালাতো ভাই মো. নবীন (৩০), মামুনুর রশীদ (৩৬), শান্ত (২০), মজিবুর (৫০) ও হোটেল মালিক মুক্তার (৩৫)। তাঁদের যথাক্রমে ২৫ শতাংশ, ৩৫ শতাংশ, ২২ শতাংশ, ১৬ শতাংশ, ২৫ শতাংশ, ২০ শতাংশ পুড়ে গেছে।
মারিয়ার স্বামী আলী নূর বলেন, রেলগেটের পাশে বাজারে মুক্তার ভাইয়ের হোটেল নামে পরিচিত হোটেলে সিলিন্ডার ছিদ্র হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণে দগ্ধ হয়ে আসা ছয় ব্যক্তির চিকিৎসা চলছে।