ঢাকার বাসাবোতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় হালিম ব্যাপারী নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে বাসাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সবুজবাগ থানা-পুলিশ বলেছে, দুর্ঘটনায় আহত অটোরিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হালিম ব্যাপারীর গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের মির্জাচর মুন্সীকান্দিতে। তাঁর বাবা প্রয়াত মোমিন ব্যাপারী। রাজধানীর কদমতলায় স্ত্রী, দুই ছেলেমেয়েসহ দুই ভাই ও এক বোনকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালে নিহত হালিমের ভাতিজা তারেক ব্যাপারী প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় অটোরিকশা নিয়ে বের হন চাচা। পরে স্থানীয় লোকজন ও পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাঁর লাশ দেখতে পাই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।