ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি এখন সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে। বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে ‘গ্রেগরিয়ান মিউজিয়াম’ নামের একটি জাদুঘর। ২০ নভেম্বর জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
শুক্রবার রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটির নেতারা। তাঁরা বলেন, জাদুঘরটি বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকেরা বলেন, বিদ্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অবস্থিত এই জাদুঘরে ১৮৮২ সালে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির ১৪৪ বছরের ইতিহাস ও গৌরবময় পথচলার নানা স্মারক স্থান পাবে। এর মধ্যে আছে বিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ঐতিহাসিক দলিল, আলোকচিত্র, প্রত্নসামগ্রী, স্মারক ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিদর্শন।
সংবাদ সম্মেলনে দ্য গ্রেগরিয়ান সোসাইটির সভাপতি ইউসুফ রহমান বলেন, দীর্ঘ পথচলায় সেন্ট গ্রেগরিজ হাইস্কুল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান বহু ব্যক্তিত্বের জন্ম দিয়েছে, যাঁরা এ দেশের মানুষের কল্যাণে এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁদের নানা স্মৃতি এই জাদুঘরে স্থান পাবে। জাদুঘরে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে নয়, বরং স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি স্থান দেওয়া হয়েছে।
জাদুঘর তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড রিবেইরো বলেন, ‘আমাদের এখন বড় দায়িত্ব হলো জাদুঘরে থাকা বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তির স্মৃতি কীভাবে সংরক্ষণ করে রাখা যায়, সেই চেষ্টা করা।’
অনেক ঐতিহাসিক ব্যক্তি এই স্কুলের সঙ্গে জড়িয়ে আছেন উল্লেখ করে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা যখন ঐতিহাসিক স্মৃতিগুলো দেখবে, তখন তারা সেই ঐতিহাসিক মানুষদেরও অনুভব করতে পারবে।
জাদুঘরটির নকশা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেছে মিউজিয়াম ডিজাইন অ্যান্ড এক্সিকিউশন কমিটি। গত বছরের ১৪ নভেম্বর প্রতীকী ইট স্থাপনের মাধ্যমে জাদুঘরের নির্মাণকাজের সূচনা হয়। পরে ২৮ ডিসেম্বর পুরোনো জায়গাটি নির্মাণকাজের জন্য প্রস্তুত করা হয়। একই সময়ে প্রাক্তন শিক্ষার্থীদের একটি পৃথক দল জাদুঘরে প্রদর্শনের জন্য বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, স্মারক ও দলিল সংগ্রহ এবং সংরক্ষণের কাজ শুরু করে।
আয়োজকেরা বলেন, গ্রেগরিয়ান মিউজিয়াম কেবল ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের স্থান নয়; এটি বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস, প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ঐতিহ্য এবং অসংখ্য গ্রেগরিয়ানের অবদানের এক স্থায়ী স্মারক হিসেবে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং দর্শনার্থীরা বিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।