ইউল্যাবে ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা’ অনুষ্ঠিত
সাহিত্য, সংগীত, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ অনুষ্ঠিত হলো ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষাবন্দনা ১৪৩৩’। গত বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ফোরাম হলে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ অনুষ্ঠানটি আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবিক দর্শন এবং তাঁদের সৃষ্টির চিরন্তন প্রসঙ্গ তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির দ্য ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টারের একাডেমিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহমেদ শামীম ছিলেন অনুষ্ঠানের মুখ্য আলোচক। তিনি ‘আমার রবীন্দ্রনাথ ও আমার নজরুল’ শীর্ষক আলোচনায় রবীন্দ্রনাথ ও নজরুলকে তাঁর ব্যক্তিগত জীবন, পাঠ ও চিন্তাজগতের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরার পরিবেশনা। এ ছাড়া ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য এবং বর্ষাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান।