কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেই ঘোষণা বাস্তবে রূপ দিতে ঈদের নামাজ শেষ করেই পরিচ্ছন্নতাকর্মীদের কাজের তদারক করতে মাঠে নেমে পড়েন তিনি।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারক করছেন। কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে সরানোর ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মেয়র আতিকুল হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। সেখানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় চলে যান তুরাগ এলাকায় ঢাকা উত্তর সিটির আওতাধীন ৫৪ নম্বর ওয়ার্ডে।
বিকেল ৫টার দিকে মেয়রের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। এ সময় মুঠোফোনে তিনি জানান, তখন তিনি ৩৪ নম্বর ওয়ার্ডের মধুবাগ এলাকায় অবস্থান করছিলেন।
বিভিন্ন ওয়ার্ড ঘুরে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে আতিকুল ইসলাম বলেন, নগরবাসী যথেষ্ট সহযোগিতা করছে। বেশির ভাগ মানুষ সিটি করপোরেশন থেকে সরবরাহ করা পলিব্যাগে পশুর বর্জ্য রেখেছেন। এতে কাজ করা সহজ হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, হরিরামপুর এলাকা থেকে বেলা একটার দিকে উত্তরা-৪ নম্বর সেক্টরে নিজের বাসায় যান। সেখান থেকে দেড়টার দিকে রওনা হয়ে চলে যান সিটির ১৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মণিপুর এলাকায়। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বর্জ্য সংগ্রহের কাজ উদ্বোধন করেন এবং কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে দুপুরের খাবার খান।
এরপরে তিনি ৬০ ফুট সড়কের আশপাশের এলাকা, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট এলাকার ওয়ার্ডগুলো পরিদর্শন করেন। ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের জন্য গঠিত ৫টি তদারকি দল বর্জ্য অপসারণের কাজ তদারক করছেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারক করছেন। নিয়ন্ত্রণ কক্ষ থেকে তিনি কর্মীদের নানা নির্দেশনা দেন।
ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সন্ধ্যা পৌনে ৬টার মধ্যে তাদের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ কাজ শেষ হয়েছে। ওয়ার্ডগুলো হচ্ছে—৯, ১০, ১৬, ২৪, ২৬, ৩০-৩২, ৩৫-৩৮, ৪১, ৫১ এবং ৫৩।