সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে মারধরের ঘটনায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজ মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি মো. মাসুদ প্রথম আলোকে বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আরও কয়েকজনকে শনাক্তের চেষ্টা চলছে।’

গতকাল সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের তোফায়েল আহমেদ (২৫) ও আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন (২৭) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন পুলিশের মারধরের শিকার হন। মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

নাঈম উদ্দীনকে মারধরের প্রতিবাদে আজ দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিসি মাসুদসহ হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তিসহ তিন দফা দাবি জানান তাঁরা। এরই মধ্যে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো।

আরও পড়ুন