বিজয়নগরে এবি পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর
রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ (এবি) পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবারের এ হামলার জন্য পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের দায়ী করছে দলটি।
এবি পার্টির প্রেস সেক্রেটারি আনোয়ার সাদাত রাতে প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে পুলিশ তাঁদের কার্যালয়ের নিচতলার কাচের দরজা ভেঙে ফেলে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীরাও এসে যুক্ত হন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁদের কার্যালয় ঘিরে রেখেছিলেন পুলিশ সদস্যরা। পুলিশ চলে গেলে ভেতরে অবরুদ্ধ নেতা-কর্মীরা বের হন।
শনিবার নয়াপল্টনে বিএনপির ‘মহাসমাবেশ’ ছিল। তাদের সঙ্গে মিলিয়ে সমমনা দলগুলোও সমাবেশ করে। বিজয়নগরে পানির ট্যাংকের মোড়ে ১২–দলীয় জোটের ব্যানারে সকালে এক সমাবেশ হয়। বিজয়-৭১ চত্বরে এবি পার্টি সমাবেশ করে। দুপুরের দিকে বিএনপির সমাবেশ কেন্দ্র করে কাকরাইলে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ বিজয়নগর, শান্তিনগরসহ আশপাশে ছড়িয়ে পড়ে।
বিএনপির সমাবেশ ঘিরে দুপুর থেকে কাকরাইলে পুলিশের সঙ্গে দলটির নেতা–কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। কাকরাইল এলাকায় সংঘর্ষ বিকেলে থেমে গেলেও বিজয়নগর ও শান্তিনগরে থেমে থেমে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যুর খবর জানা গেছে।
এবি পার্টির আনোয়ার সাদাত জানান, সংঘর্ষে দলটির পাঁচ থেকে সাতজন নেতা–কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের একজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।