দুই জাপানি পর্যটকের কাছ থেকে ছিনতাইয়ের কথা স্বীকার করে জবানবন্দি
রাজধানীতে দুই জাপানি পর্যটকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক আসামি। তাঁর নাম আবু রাসেল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি এ জবানবন্দি দেন।
এ ছাড়া একই ঘটনায় গ্রেপ্তার খায়রুল ইসলামকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি আর জিহাদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) এশারত হোসেন।
ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি এলাকায় দুই জাপানি পর্যটক ছিনতাইয়ের শিকার হন পাঁচ দিন আগে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। অর্থ ও মালামাল ভাগাভাগির পর আনন্দভ্রমণে কক্সবাজারে যান দুই ছিনতাইকারী। সেখান থেকে যান চট্টগ্রামের সীতাকুণ্ডে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ঘটনাস্থলের আশপাশের এলাকার ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে তিনজনকেই গ্রেপ্তার করা হয়।
আজিমুল হক জানান, গত বৃহস্পতিবার মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে প্রথমে খায়রুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শুঁটকির আড়তের কাছের একটি মাঠ থেকে ওই দুই জাপানি পর্যটকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্বাস্থ্য কার্ড, দুটি ক্রেডিট কার্ড ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয় জিহাদুল ও রাসেলকে। তাঁদের কাছ থেকে একটি আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার রাতে ছিনতাইয়ের শিকার হন দুই জাপানি পর্যটক। তাঁদের কাছ থেকে ১ লাখ ৫৩ হাজার ইয়েন, ২৮ হাজার টাকা, দুটি আইফোন, পাসপোর্টসহ অন্য সামগ্রী ছিনিয়ে নেন তিন ছিনতাইকারী।