পয়লা বৈশাখ নিয়ে কোনো হুমকি নেই: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখ নিয়ে এ পর্যন্ত কোনো হুমকি পাওয়া যায়নি উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর মার্কেট ও শপিং মলের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে আইজিপি এসব কথা বলেন। এ সময় মার্কেট-শপিং মলের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দোকানমালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি।

আইজিপির পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পরিদর্শন শেষে আইজিপি বলেন, ঢাকা শহরের সব মার্কেট ও শপিং মলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন স্তরের নিরাপত্তাবলয় সৃষ্টি করা হয়েছে। জনগণ নিঃশঙ্কচিত্তে কেনাকাটা করছেন। নিরাপত্তাব্যবস্থা নেওয়া ছাড়াও জনগণের চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে জানিয়ে আইজিপি বলেন, অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগপর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। ডিএমপি কমিশনার রাস্তায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সঙ্গে ইফতার করেন।

পুলিশপ্রধান বলেন, পয়লা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মার্কেট, শপিং মল ও রাস্তাঘাটের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ইফতার, সাহ্‌রি ও তারাবিহর সময় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।
 
ঢাকা মহানগরীতে ছিনতাই রোধে সাদাপোশাকে, ইউনিফর্মে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশপ্রধান।