হাজারীবাগের একটি বাসায় এক শিশুসহ চারজন দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটছবি: প্রথম আলো

রাজধানীর হাজারীবাগের একটি বাসায় এক শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

আজ সোমবার ভোর চারটার দিকে হাজারীবাগের পূর্ব রায়েরবাজারের একটি ছয়তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাসের চুলা জ্বালানোর সময় বাসায় আগুন ছড়িয়ে পড়ে।

দগ্ধ ব্যক্তিরা হলেন শেখ রোমান (৩৫), তাঁর স্ত্রী পিংকি আক্তার (৩২), ছেলে রুহান (৩) ও শ্যালক অপু (২৩)। তাঁদের উদ্ধার করে সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ রোমানের ভাই মো. মামুন বলেন, ভোরে রান্না করতে গিয়ে গ্যাসের চুলায় ম্যাচ জ্বালাতেই আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, রোমানের শরীরের ৭০ শতাংশ, পিংকির ৭৫, রুহানের ৩৫ ও অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

রোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে রায়েরবাজারের বাসাটিতে ভাড়ায় থাকতেন।