আবার অপশাসনের দিকে যাওয়ার অবকাশ নেই: ওয়াহিদউদ্দিন মাহমুদ

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আগারগাঁও, ঢাকা। ৩ অক্টোবর ২০২৬ছবি: প্রথম আলো

স্বাধীনতার পর বাংলাদেশ এখন সত্যিকারের একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, দেশ অনেক দূর এগিয়েছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে। কিন্তু এখন আর ভুল করার সুযোগ নেই, আবার অপশাসনের দিকে যাওয়ার অবকাশও নেই।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন। জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি পাওয়ায় অধ্যাপক মাহবুব উল্লাহকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কিউয়েসা)।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই বড় পরিবর্তন ঘটছে। গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক ও প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতিতে দেশ পরিচালনায় স্বল্পমেয়াদি সিদ্ধান্তের পাশাপাশি ভবিষ্যৎ ও বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে চিন্তা করা জরুরি। এ জন্য জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর মতো চিন্তাবিদদের পরামর্শ প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের ১৭১ নম্বর কক্ষে তাঁরা চার বন্ধু থাকতেন। তাঁদের মধ্যে বিএনপির সাবেক মহাসচিব, বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির (কিউয়েসা) সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। আগারগাঁও, ঢাকা। ৩ অক্টোবর ২০২৬
ছবি: প্রথম আলো

‘স্মরণীয় হওয়ার মতো কী করলাম’

সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, মৃত্যুর পরও মানুষ তাঁকে স্মরণ করবে, এমন কিছু করতে পেরেছেন কি না, সেই প্রশ্ন তাঁকে সব সময় তাড়িত করে। তিনি বলেন, ‘মরণের পরও মরণকে আমি জয় করতে পারব কি না, এমন কিছু কি করতে পেরেছি—এই প্রশ্ন আমাকে সব সময় তাড়িত করে।’

জীবনের নানা স্মৃতি তুলে ধরে মাহবুব উল্লাহ বলেন, মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এবং ব্যক্তির অবদান এখনো যথাযথভাবে উঠে আসেনি। এসব স্মৃতি ও অবদান সংরক্ষণ করা প্রয়োজন।

‘এমন শিক্ষক কমই আছেন’

অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক বলেন, মাহবুব উল্লাহর মতো গুণী শিক্ষক শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও চিন্তা করতে শেখান।

জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পাওয়া অনুপ্রেরণা তাঁকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আজিজুন নাহার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. ইসমাইল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক এবং শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিউয়েসার সহসভাপতি অধ্যাপক মো. মুজাফফর আহমেদ।