থানায় গিয়ে দিলেন ‘সেনাবাহিনীর ক্যাপ্টেন’ পরিচয়, সহযোগীসহ পড়লেন ধরা
সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেওয়া আতিকুর রহমান (৩৬) ও তাঁর সহযোগী আবু সায়েমকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর দারুসসালাম থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আতিকুরের সহযোগী আবু সায়েম দারুসসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
আজ বৃহস্পতিবার দুপুরে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হাসান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে থানায় এসে আতিকুর নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহযোগী আবু সায়েম। আতিকুরের কথাবার্তায় সন্দেহ হওয়ায় স্থানীয় সেনাক্যাম্পে যোগাযোগ করা হয়। তখন আতিকুর ভুয়া ক্যাপ্টেন বলে নিশ্চিত হওয়া যায়। এটা নিশ্চিত হওয়ার পর আতিকুর ও তাঁর সহযোগীকে আটক করে পুলিশ। সেনাবাহিনীর ভুয়া পরিচয় দেওয়ার ঘটনায় হওয়া মামলায় আতিকুর ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
ওসি রকিব-উল-হাসান আরও জানান, আতিকুরের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লাল রঙের লোগোযুক্ত সেনানিবাসে প্রবেশের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী প্রবেশপত্র জব্দ করা হয়েছে। পরবর্তীকালে আতিকুর ভুয়া ক্যাপ্টেন বলে নিজেই স্বীকার করেছেন।