নিউইয়র্ক বইমেলার ৩২তম আসর বসবে জুলাইয়ে
বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩’। মেলার ৩২তম আসরটি বসবে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। আগামী ১৪ জুলাই মেলা শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত। এতে অংশ নিতে ইতিমধ্যেই বাংলাদেশের ২৫টি প্রকাশনী সংস্থা তালিকাবদ্ধ হয়েছে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে। বরাবরের মতো এবারও মেলার আয়োজক হিসেবে রয়েছে মুক্তধারা ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩–এর আহ্বায়ক আবদুন নূর বলেন, ব্যক্তি প্রয়াসে শুরু হওয়া এই বইমেলার মাত্রা ধীরে ধীরে বেড়েছে। প্রতিবছর নতুনতর মাত্রা যোগ হচ্ছে। সারা বিশ্বে বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে যাঁরা ধারণ করেন, চর্চা করেন এবং বাংলা ভাষা সম্পর্কে উদ্দীপনা ও প্রয়াস দেখাচ্ছেন—তাঁরা সবাই এই মেলায় অংশ নেবেন। এই মেলা এখন একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, যত দিন বাংলাদেশ বেঁচে থাকবে, তত দিন বাংলা একাডেমির বইমেলা ও নিউইয়র্ক বাংলা বইমেলা বেঁচে থাকবে।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন শুধু বাংলা ভাষাভাষী ছাড়াও বিদেশিদের জন্য মেলায় এক-দুটি স্টলে অনুবাদ গ্রন্থ রাখার আহ্বান জানান। যাতে বিদেশিরা বাংলা সাহিত্য সম্পর্কে জানতে পারেন। নিউইয়র্কে আয়োজিত মেলার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতি আরও আলোকিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশে অনুবাদের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘৭০ বছর হয়ে গেছে আমরা অনুবাদ করছি। কিন্তু অনুবাদের মান উন্নত হয়নি। বিশ্ব দরবারে বাংলা সাহিত্যকে তুলে ধরতে কীভাবে ভালো অনুবাদ করা যায় এবং এ বিষয়ে বাংলা একাডেমির উদ্যোগ সম্পর্কে তিনি বক্তব্য দেন।’
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, বাংলা একাডেমির বইমেলা, কলকাতায় আন্তর্জাতিক পুস্তক মেলার পরই নিউইয়র্ক বাংলা বইমেলার অবস্থান। তিনি বলেন, এটি শুধু বই মেলা নয়, সংস্কৃতির মেলা। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য এ আয়োজন খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মত দেন।
নিউইয়র্কের মেলা নিয়ে নিজের মধুর স্মৃতি আছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, বই বিক্রির পাশাপাশি গান, আড্ডা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলাকে ঘিরে এক বিস্ময়কর পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে মেলায় অংশগ্রহণ করব এবং বাংলা ভাষা ও সাহিত্যকে সবাই মিলে উদ্যাপন করব।’
মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত সাহার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কবি কাজল চক্রবর্তী, কবি হাসান হাফিজ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, সময় প্রকাশের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক প্রমুখ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের মতো এবারও মেলায় মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য তিন হাজার মার্কিন ডলার। গত বছর এই পুরস্কারটি পেয়েছেন গবেষক ও লেখক অধ্যাপক গোলাম মুরশিদ। মেলায় অভিবাসী নতুন লেখকদের প্রকাশিত গ্রন্থ থেকে ‘শহীদ কাদরী গ্রন্থ পুরস্কার ২০২৩’ দেওয়া হবে। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থা থেকে শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থাকে চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা সংস্থা পুরস্কার দেওয়া হবে।