লেখকের দায়বদ্ধতা থাকতে নেই: মাসরুর আরেফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কথাসাহিত্যের ভেতর–বাহির’ শীর্ষক এক আলোচনা পর্বে কথাসাহিত্যিক মাসরুর আরেফিন
ছবি: প্রথম আলো

যে লেখক দায়বদ্ধতা অনুভব করবেন, তিনি কাউকে না কাউকে খুশি করার জন্য লিখবেন। এটা একধরনের ফাঁদ। কথাসাহিত্যেকের দায়বদ্ধতা পুরোনো কথা। এটা থেকে বের হতে হবে আমাদের। কথাসাহিত্যিকের কোনো দায়বদ্ধতা নেই। কথাসাহিত্যিকের দায়বদ্ধতা হলো তিনি যেটা অনুভব করবেন, সেটাই করবেন।  

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন শুক্রবার ‘কথাসাহিত্যের ভেতর–বাহির’ শীর্ষক এক আলোচনা পর্বে কথাসাহিত্যিক ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এ মন্তব্য করে বলেন, তিনি দায়বদ্ধতার সাহিত্যের ধারেকাছের মানুষ নন। পর্বটি সঞ্চালনা করেন কলকাতা থেকে আসা অধ্যাপক মোশতাক আহামেদ।

সমকালীন সাহিত্য নিয়ে লেখক বলেন, প্রতিটি মানুষ সামাজিক ও ঐতিহাসিকভাবে শর্তযুক্ত। সেই জায়গা থেকে দেখলে দায়বদ্ধতার বিষয়টি আসে। সব সুন্দর বর্ণনা, যেগুলো সাধারণ পাঠক বিশ্বাস করেন, তাঁদের জন্য আপনি লিখবেন কি না, সেই চিন্তাটি। পৃথিবীটা এখন আর সহজ সুন্দর নয়। পৃথিবীতে অনেক রকম সংঘাত। তিনি বলেন, ‘আমি প্রাণহীন, সাদামাটা বর্ণনার মানুষ নই। লেখা নিয়ে যা পরীক্ষা–নিরীক্ষা করছি, মানুষ তা পছন্দ করছে। অগভীর, সোজাসাপটা বর্ণনার দিন শেষ। মানুষ এখন নতুন কিছু চাইছে।’

উপস্থাপক প্রশ্ন করেন আধুনিকায়ন, আধুনিকায়নোত্তর ও এর পরের ধাপ এবং এখন নতুন স্বাভাবিক সময়ে দাঁড়িয়ে একজন কথাসাহিত্যিকের দায়বদ্ধতা কোথায়? কীভাবে একজন কথাসাহিত্যিক ভাববেন আগামী পৃথিবীর কথা?

এর জবাবে মাসরুর আরেফিন বলেন, ‘আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশকে ভালো করার দায়বদ্ধতা অনুভব করি। সেটা দায়বদ্ধতা না, ভালোবাসার জায়গা। যিনি দায় অনুভব করবেন, তিনি কাউকে না কাউকে খুশি করার জন্যই লিখবেন। এতে আপনি একদম জেনেবুঝেই ফাঁদে পড়লেন। আমি ওই সাহিত্যের কোনো রকম ধারেকাছেও নেই। আমার কোনো দায়বদ্ধতা নেই বিশাল পৃথিবীর ওপর, যেখানে পিঁপড়াও অংশ, মহিষও অংশ।’ তাঁর মতে, নৈতিক জায়গা থেকে দেশকে ভালোবাসতে হবে। মানুষ আসলে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। লেখকেরা কাউকে ভালোবাসেন না, পরের ভালোবাসাকে বিশ্লেষণ করেন।  

এ প্রসঙ্গে লেখক মাসরুর আরেফিন আরও বলেন, ‘কেউ যদি অনুভব করেন যে, “আমি এত পাতা লিখছি, আমার কি দেশের জন্য কিছু করার নেই!” তাঁদের জন্য আমার কথা হচ্ছে, একটা জিনিস আপনাদের করার আছে। সরকার ও রাষ্ট্রীয় পদ্ধতি কীভাবে কাজ করে, তা বুঝুন। ওটাকে কাঠামোয় রূপান্তর দিয়ে এতগুলো মানুষকে একটা মিথ্যা বর্ণনা দিয়ে পুরোনো তরিকায় ঢোকাতে যাবেন না। সামনে আপনি এগোবেন, দেশও এগোবে। নিজের বিবেককে জাগ্রত রাখুন।’

মাসরুর আরেফিন একধরনের ঘরানার লেখা সৃষ্টি করেছেন, ভাবমূর্তি তৈরি করেছেন, আরও নতুন যে ভাবমূর্তি তৈরি হবে—সেটাকে চ্যালেঞ্জ করার আকাঙ্ক্ষা এখনকার মাসরুর আরেফিনের আছে কি না, এমন প্রশ্ন আসে পাঠকের কাছ থেকে। জবাবে লেখক বলেন, একটা চক্র আরেকটা চক্রই তৈরি করে। আবার নতুন কিছু শুরুর দিকেই এগোয়।

প্রশ্ন আসে, তিনি করপোরেট দুনিয়ারও একজন মানুষ, লেখকসত্তায় তা কতটুকু প্রভাব ফেলে? জবাবে লেখক বলেন, একটা মানুষকে এত ভাগ করার দরকার নেই। একটা মানুষ বিভিন্ন ভূমিকায় থাকে। কীভাবে নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করা যায়, এমন প্রশ্নে তিনি বলেন, শিশুদের বই কিনে দিন, বই পড়ান।

গল্পের ভাবনা সৃষ্টি নিয়ে পাঠকের এক প্রশ্নের জবাবে মাসরুর আরেফিন বলেন, ‘গল্পের প্লট লেখক সময় থেকে নেন। আপনার চোখের সামনে যা দেখছেন বাস্তব বাস, বাস্তব মানুষ, ওখানে প্লট কিছুই নেই। লেখকেরা ওটাকে টুইস্ট (ঘুরিয়ে–পেঁচিয়ে) করে বাকিটা মাথার মধ্যে তৈরি করি। আমরা একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের সম্পর্ক তৈরি করি। যাঁর যাঁর প্লট তাঁর তাঁর ভেতর। কোনো দর্শন থেকে প্লট আসে না। বাস্তব থেকেও প্লট আসে না। বাস্তবে তো সব সাদামাটা। আপনি দূর থেকে কিছু দেখতে পারবেন না।

বাকি বাস্তবের যে গল্পটা, সেটা কথাসাহিত্যের। কথাসাহিত্য হচ্ছে প্রমাণিত শিল্প, যা হৃদয়কে স্পর্শ করে। আপনার দেখা বাস্তবকে সামনে নেয়, পেছনেও চালায়।’
পাঠকের প্রশ্নের জবাবে মাসরুর আরেফিন বলেন, একজন ভালো লেখক এই পৃথিবীর গল্পগুলোর মধ্যেও অন্য পৃথিবীর কোনো একটা চিহ্ন রাখেন।

আলোচনা পর্বটি সঞ্চালনা করেন কলকাতা থেকে আসা অধ্যাপক মোশতাক আহামেদ
ছবি: প্রথম আলো

আরেক প্রশ্নের উত্তরে লেখক বলেন, যাঁর যাঁর বিশ্বাসের জায়গা থেকে দেশপ্রেমকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করেন। ঐকমত্যের ভিত্তিতে দেশপ্রেম দেখিয়েছিলেন বলে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গড়তে পেরেছিলেন। এটা দেশের সৃষ্টির সময় দরকার ছিল। এখন ১০ হাজার দেশপ্রেমের তত্ত্ব বিক্রি হচ্ছে ঢাকার মোড়ে মোড়ে। এ ব্যাপারে সাবধান থাকতে হবে।

উপস্থাপক মোশতাক আহামেদের এক প্রশ্নের জবাবে লেখক বলেন, আধ্যাত্মিকের খোঁজ আসলে সত্যের খোঁজ। এর বাইরের খোঁজ হচ্ছে রোমান্টিক খোঁজ। সাহিত্যের জন্য এটা ভীতিকর। আমাদের সাহিত্য তিথিডোরের মধ্যে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই।

৫ জানুয়ারি শুরু হওয়া ঢাকা লিট ফেস্টের দশম আসর চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এ আয়োজনে বৈচিত্র্যময় আলোচনার পাশাপাশি থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের আসরে ১৭৫টির বেশি অধিবেশনে পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক বক্তা, সাহিত্যিক, লেখক, শিল্পী ও চিন্তাবিদ অংশ নিচ্ছেন।

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং ঢাকাকে তুলে ধরার লক্ষ্যে ঢাকা লিট ফেস্টের যাত্রা শুরু হয় ২০১১ সালে।