১০ লিটার জ্বালানিতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা ৫ লাখ টাকা
রাজধানীর কাফরুলে একটি পেট্রলপাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
পাম্পটিতে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহের ক্ষেত্রে ২২০ থেকে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে পাম্পটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএসটিআইয়ের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। পশ্চিম কাফরুলের বেগম রোকেয়া সরণির ২২০/এ-২ নম্বর ঠিকানায় অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে এ অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাম্পটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটার অকটেন সরবরাহের বিপরীতে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ মেলে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জ্বালানি তেল পরিমাপে এ ধরনের কারচুপির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির ফিল্ড অফিসার (সিএম) মো. আবদুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।