সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন তিন সচিব
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার। পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই তিন কর্মকর্তা নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিভিত্তিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের প্রত্যেককে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে।
তিনটি প্রজ্ঞাপনেই উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।