চার রঙের ই–রিকশা চলবে ঢাকা দক্ষিণে, ২৯ হাজার ফরম বিক্রি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চলাচলের উপযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের নকশা করা ই–রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় যাচাই করা হয়েছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অনুমোদনের জন্য নগর ভবন প্রাঙ্গণে নিয়ে আসা এসব ই–রিকশা। ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ছবি: ডিএসসিসির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চারটি অঞ্চলে চার রঙের ই–রিকশা চলবে। অঞ্চলভেদে এসব রিকশার রং হবে সবুজ, নীল, বেগুনি ও কমলা। এ ধরনের রিকশা নিবন্ধনের জন্য ৩ নভেম্বর আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। আজ রোববার বিকেল পর্যন্ত ২৯ হাজার ফরম বিক্রি হয়েছে। তবে ফরম কিনলেই নিবন্ধন পাওয়া যাবে না; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নিরাপত্তার মানসহ বিধিমালার শর্ত পূরণ করতে হবে।

আজ রোববার বিকেলে নগর ভবনে বুয়েটে পরীক্ষিত ই–রিকশা পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। ই–রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়। পরে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার অঞ্চলে চার রঙের ই–রিকশা চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ প্রথম আলোকে বলেন, রোববার বিকেল পর্যন্ত ২৯ হাজার ফরম বিক্রি হয়েছে। বিদ্যমান ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দিয়ে নিবন্ধিত ই–রিকশা নামানোর কার্যক্রম দ্রুতগতিতে চলছে বলেও জানান তিনি।

৩ নভেম্বর থেকে নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয়ে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়। প্রতিটি ফরমের দাম ১০০ টাকা। কার্যক্রম শুরুর সময়ই সংস্থাটি জানিয়েছিল, ফরম সংগ্রহ বা জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও কারিগরি মানদণ্ড পূরণ সাপেক্ষে নিবন্ধন দেওয়া হবে।

নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ১১ প্রতিষ্ঠানের ই–রিকশা

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসক নগর ভবনে ১৩টি প্রতিষ্ঠানের বুয়েটে পরীক্ষিত ই–রিকশা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি জানান, সিটি করপোরেশন এলাকায় চলাচলের উপযোগী ই–রিকশা উৎপাদনের লক্ষ্যে ইতিমধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশা করা ই–রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের ই–রিকশার পরীক্ষা প্রক্রিয়াধীন।

নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোকে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করতে হবে। এরপর কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন করা হবে। এসব ধাপে সন্তোষজনক ফল পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলো উৎপাদনের অনুমতি পাবে।

বিদ্যমান ব্যাটারিচালিত অটোরিকশার ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, ‘বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকেই লাইসেন্স প্রদান করা হবে না।’

উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স ও মালিকদের নিবন্ধন—দুই প্রক্রিয়াই বিধিমালা পুরোপুরি অনুসরণ করে সম্পন্ন করা হবে বলে জানান প্রশাসক।

নগর ভবন প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নকশা করা ও বুয়েটে নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ই–রিকশাগুলো ঘুরে দেখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: ডিএসসিসির সৌজন্যে

বিধিমালা জারি হয় ২৯ অক্টোবর

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই–রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। এতে নিবন্ধন, কারিগরি মান, নিরাপত্তা ও চলাচলের শর্ত নির্ধারণ করা হয়েছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন ব্যক্তি এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই–রিকশার নিবন্ধন নিতে পারবেন।

বিধিমালা অনুযায়ী, বুয়েটের নির্ধারিত কারিগরি ও নিরাপত্তার মান পূরণ, ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া ই–রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না। নিবন্ধিত প্রতিটি ই–রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেওয়ার বিধান রয়েছে।

ই–রিকশা চলাচলের জন্য নির্দিষ্ট রুট ও অঞ্চল নির্ধারণ করবে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ। এক অঞ্চলের নিবন্ধিত ই–রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, উড়াল সড়ক, প্রধান বাস রুট, বিআরটি করিডর, ফুটপাতসহ নিষিদ্ধ সড়কে এসব যান চলাচল করতে পারবে না। ই–রিকশার সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও জনাকীর্ণ এলাকায় ঘণ্টায় ১৫ কিলোমিটারের বেশি গতিতে চালানো যাবে না।