বিশ্বকাপ ফাইনাল ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কড়াকড়ি, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল খেলাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে দুটি বড় পর্দায় খেলা দেখানো হয়। খেলার সময় বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট নয় এমন অনেক মানুষের সমাগম ঘটে, যা নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে খেলা চলাকালে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, খেলা দেখার সময় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তাসংক্রান্ত সব নির্দেশনা মেনে চলতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য আহ্বান জানানো হয়েছে।