সৈয়দা মঞ্জুয়ারাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানার নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত ১৫ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিবের সই করা এক প্রজ্ঞাপনে ইডেন মহিলা কলেজে সংযুক্ত থাকা অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানাকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে সিদ্ধেশ্বরী কলেজের টিচার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ার বেগম রিট করেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও এ জেড এম ফরিদুজ্জামান শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা মোহাম্মদ হাফিজ।

পরে মাসুদ রানা মোহাম্মদ হাফিজ প্রথম আলোকে বলেন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ২০১৯ সালে জাতীয়করণের সিদ্ধান্ত হয়। তখন এতে অধ্যক্ষসহ কলেজের কিছু শিক্ষক অসম্মতি জানান। জাতীয়করণের অংশ হিসেবে ইডেন মহিলা কলেজে সংযুক্ত অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানাকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।