ঢাকার সব উড়ালসড়ক থেকে দেয়াললিখন ও পোস্টার সরাতে নির্দেশ
রাজধানী ঢাকার সব উড়ালসড়ক থেকে দেয়াললিখন ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যাঁরা উড়ালসড়কে পোস্টার ও দেয়াললিখনের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থানে দেয়াললিখন কিংবা পোস্টার লাগানো যাবে না।
রাজধানীর সব কটি উড়ালসড়কে বেআইনিভাবে দেয়াললিখন ও পোস্টার লাগানো হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ঢাকার সব উড়ালসড়ক থেকে দেয়াললিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রিটে ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ঢাকা জেলা প্রশাসকসহ ৯ জনকে বিবাদী করা হয়।
হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ-এর জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঢাকার সব উড়ালসড়কের দেয়াল থেকে বিভিন্ন বিজ্ঞাপনের লেখা ও পোস্টার লাগানো বন্ধ করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিটি উড়ালসড়কের দেয়ালে পোস্টার লাগানো ও লেখা বন্ধে একটি মনিটরিং কমিটি গঠনের আদেশ দিয়েছেন আদালত।