সাম্প্রদায়িকতা নিয়ে মানুষের চরিত্র স্ববিরোধী: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সাম্প্রদায়িকতা নিয়ে দেশের মানুষের চরিত্র স্ববিরোধী।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এই অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের লেখা ‘বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ ও তাঁর স্ত্রী নাফিসা বানুর লেখা ‘বঙ্গবন্ধু, শুদ্ধাচার, নারীর ক্ষমতায়ন ও অন্যান্য’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক–সাম্প্রদায়িক—এই প্রশ্ন বারবার তুলি। আমাদের নিজেদের চরিত্র স্ববিরোধী। গুজরাটের দাঙ্গার সময় যাঁরা এই দেশের প্রচণ্ড সাম্প্রদায়িক মানুষ তাঁরাও ভেবেছেন যে, গুজরাটে সেক্যুলার সরকার থাকলে এই অবস্থা হতো না। অর্থাৎ, ভারতে দাঙ্গা লাগলে সেক্যুলার হয়ে যাই, কিন্তু বাংলাদেশে আমরা সেক্যুলার থাকি না, সাম্প্রদায়িক হয়ে যাই।’
হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা শুধু একখণ্ড রাষ্ট্র পাইনি। ওই সময় রক্তগঙ্গার মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গেছে, এই রাষ্ট্র সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়িক হবে। যে ইস্যু ডিসাইড হয়ে গেছে, সেটাকে বারবার সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।’
নারীদের অধিকার রক্ষার প্রশ্নে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, নারীরা যদি তাঁদের অধিকার আদায় না করে কেউ তাঁদেরকে তা দেবে না। তবে নারীদের অধিকার আদায়ে আমাদেরও (পুরুষদের) এগিয়ে আসতে হবে। বিচারকদেরও বিষয়টি খেয়াল রাখা উচিৎ।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু যে ধর্মনিরপেক্ষতা চেয়েছিলেন, সেটা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। সেখানে আবার আমরা কবে যেতে পারব, সেটা জানা নেই। এটা আদৌ হবে কি না, কারণ সারা পৃথিবীতে যে অবস্থা বিরাজ করছে, আর এটা হওয়ার সম্ভাবনা নাই।’
যৌন হয়রানি নিয়ে দেশে আইন হওয়া প্রয়োজন মন্তব্য করে সৈয়দ মাহমুদ হোসেন আরও বলেন, ‘নারীদের কর্মক্ষেত্রে কাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার ওপর আমি একটা জাজমেন্ট দিয়েছিলাম। দেশে যৌন হয়রানির ওপর কোনো আইন হয়নি। এবার মানবাধিকার কমিশন থেকে একটি আইন করে পাঠিয়েছিল, সংসদীয় কমিটিতে যাওয়ার পরে বলল যে, হাইকোর্ট ডিভিশনের একটা রায় আছে। কোনো আইনের প্রয়োজন নাই। এ দেশের নারীরা এখন এত অধিক সংখ্যক কর্মজীবী হচ্ছে, এত বেশি বিশ্ববিদ্যালয়–কলেজে যাচ্ছে, সেখানে যৌন হয়রানি নিয়ে আইন হওয়া তো মাস্ট। কিন্তু সেটা হচ্ছে না।’
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘শুদ্ধাচার বিষয়টি এখন আলোচিত বিষয়। আমার মনে হয়, আমাদের সকলে যে যেখানে আছি সেখানকার চর্চা অব্যাহত রাখা উচিৎ।’
অনুষ্ঠানের প্রধান আলোচক মুনতাসীর মামুন বলেন, ‘আপনাদের (বিচারক) যে আদেশ দিচ্ছেন, তা মানা হচ্ছে কি না সেটা মনিটর হওয়া দরকার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক রওশন আরা বেগম, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক প্রমুখ।