‘জানো’ প্রকল্পের অধীনে ফেলোশিপ পেলেন ৪ সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হোটেলে চার সাংবাদিকের হাতে ফেলোশিপের পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়
ছবি: সংগৃহীত

দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের পুষ্টি নিশ্চিতে ভূমিকা পালন করায় চার গণমাধ্যমকর্মীকে ফেলোশিপ দিয়েছে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হোটেলে তাঁদের হাতে ফেলোশিপের পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন প্রথম আলোর সহসম্পাদক তারেক আল হাসান, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ফারহানা জামান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নিজস্ব প্রতিবেদক হোসাইন মো. সজিবুর রহমান ও অনলাইন পোর্টাল দ্য বিজনেস পোস্টের মাল্টিমিডিয়া ও বাংলা বিভাগের প্রধান আফিয়া আফরিন। ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, ইএসডিওর নির্বাহী পরিচালক আবু জাফর নূর মোহাম্মাদ, কেয়ার বাংলাদেশের পরিচালক আমানুর রহমান, জানো প্রকল্পের পরিচালক মোহাম্মদ ফয়েজ কাউসার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিয়ন প্রোগ্রামের কর্মকর্তা মো. আশিক বিল্লাহ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিকেশন স্পেশালিস্ট ওয়াহিদা জামান সিথিসহ সাংবাদিক ও বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তারা।

জানো প্রকল্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সহায়ক প্রকল্প হিসেবে রংপুর ও নীলফামারী জেলার নির্বাচিত ১৬৯ মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি ২৮টি মাদ্রাসায় কাজ করছে তারা। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন। কারিগরি সহায়তা দিচ্ছে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল। আর এটির বাস্তবায়নের দায়িত্বে আছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।