ঢাকার মোহাম্মদপুরে মাথায় নির্মাণসামগ্রী পড়ে শ্রমিক নিহত

লাশপ্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণসামগ্রী মাথায় পড়ে মো. রনি (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে মোহাম্মদপুর আরশিনগর লাবণী লেক সিটির পাশে সাততলা একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আবদুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে রনির বাড়ি। তাঁর বাবার নাম সাহেব আলী।

রনি আরশিনগরে নির্মাণাধীন ভবনটিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। নিচ থেকে সাততলায় ঢালাইয়ের মাল তোলার সময় তিনি মাথায় আঘাত পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রনির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।