একক চিত্র প্রদর্শনী ‘জার্নি’ শুরু গ্যালারি কায়ায়

শিল্পী অধ্যাপক আলপ্তগীন তুষারের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘জার্নি’ ঘুরে দেখছেন একজন দর্শক। গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায়ছবি: গ্যালারি কায়ার সৌজন্যে

শিল্পী অধ্যাপক আলপ্তগীন তুষারের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘জার্নি’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হাশেম খান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান আলপ্তগীন তুষারের আঁকা ৮৭টি ছবি নিয়ে শুরু হওয়া এই প্রদর্শনী আগামী ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী আব্দুর শাকুর শাহ, শাহজাহান আহমেদ বিকাশ প্রমুখ। তাঁরা বলেন, দীর্ঘ ছয় বছর ধরে প্রস্তুতির মাধ্যমে শুরু হওয়া ‘জার্নি’ শিরোনামের এ প্রদর্শনীর ভেতর দিয়ে উঠে এসেছে শিল্পীর দক্ষতা ও মগ্নতা। বাংলাদেশের সমকালীন শিল্পকলা ও একাডেমিক শিল্পচর্চায় শিল্পী আলপ্তগীন তুষারের অবদানের কথাও তুলে ধরেন অতিথিরা।

শিল্পী আলপ্তগীন তুষার জলরং, চারকোল ও প্যাস্টেল এবং অ্যাক্রিলিকসহ নানা মাধ্যমে এসব ছবি এঁকেছেন। এতে স্থান পেয়েছে শিল্পের সঙ্গে তাঁর দীর্ঘ যাত্রাপথের বিভিন্ন সময়ে আঁকা ছবি।