সেই মুরাদ ও তার মায়ের পাশে র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাব লোগো

সিরাজগঞ্জের কামারখন্দের রসুলপুরের চতুর্থ শ্রেণির সেই শিক্ষার্থী মো. মুরাদ হোসেন সিফাত (১০) ও তার মা শিল্পী খাতুনের পাশে দাঁড়িয়েছে র‍্যাব। মুরাদের মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পাশাপাশি দুই লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি। এ ছাড়া এসএসসি পরীক্ষা পর্যন্ত মুরাদের লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছে র‌্যাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন মুরাদ ও তার মাকে খবর দিয়ে সদর দপ্তরে আনেন। তাদের সংকটের কথা শোনেন। পরে র‌্যাবের পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।

মুরাদের সংগ্রামী জীবন নিয়ে ১৭ জুলাই একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি র‌্যাবের নজরে এলে তাদেরকে সহায়তার এ উদ্যোগ নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরাদ স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। পাশাপাশি অসুস্থ মা ও পরিবারের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ নেয়। চায়ের দোকানে প্রতিদিন ২ ঘণ্টা করে নাশতা পরিবেশন, চা বানানোসহ বিভিন্ন কাজের বিনিময়ে ৫০ টাকা পারিশ্রমিক পেত মুরাদ। ওই টাকা দিয়ে সংসারের বাজার, মায়ের ওষুধ কিনত সে।

জানা যায়, মুরাদের বয়স যখন চার মাস, তখন তার বাবা মাসুদ রানা মারা যান। স্বামী মারা যাওয়ার পর বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে তিনি সংসার ও ছেলের পড়ালেখার খরচ চালাতেন। কিন্তু কিডনি ও থাইরয়েডজনিত বিভিন্ন জটিলতায় সাড়ে তিন বছর ধরে কাজকর্ম ও চলাচলে প্রায় অক্ষম তিনি। অর্থের অভাবে তাঁর চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না।