শামসুজ্জামানকে রাতের আঁধারে তুলে আনতে হবে কেন: গণ অধিকার পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বিকেলে মানববন্ধন করেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা
ছবি: প্রথম আলো

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও সাভারে কর্মরত পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে রাতে বাসা থেকে তুলে নিয়ে ৩০ ঘণ্টা পর আদালতে পাঠানোর কঠোর সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করে গণ অধিকারের নেতা–কর্মীরা ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। বেলা তিনটার দিকে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন তাঁরা।

সমাবেশে গণ অধিকারের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রশ্ন রেখে বলেন, প্রথম আলোর একজন সাংবাদিককে কীভাবে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে এনেছে। সাংবাদিক শামসুজ্জামানের কী অপরাধ, এভাবে রাতের অন্ধকারে তুলতে আনতে হবে। তাঁকে ৩০ ঘণ্টা পরে আদালতে তোলা হয়েছে।

শামসুজ্জামানকে আটকের তিন ঘণ্টার মধ্যে তাঁর পরিবার ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ না দিয়ে আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ‘সংবিধানে বলা আছে, যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তুলতে হবে। আইন অনুযায়ী, তাঁকে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি। আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’

পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘শামসুজ্জামানকে রাতের আঁধারে সাদাপোশাকে ধরে নিয়ে ৩০ ঘণ্টা আটকে রেখে আইনের পরিপন্থী কাজ করা হয়েছে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বিকেলে মানববন্ধন করেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা
ছবি: প্রথম আলো

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার ও প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে।

সমাবেশ থেকে ‘লেখার স্বাধীনতা চাই’, ‘আমরাও মাছ, মাংস, চাইলের স্বাধীনতা চাই’, ‘ভোট ও ভাতের অধিকার চাই’ ও ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই’ ইত্যাদি লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন পরিষদের নেতা–কর্মীরা।

সমাবেশ থেকে সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণ অধিকারের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।