নরসিংদীতে বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যার বিচার চেয়ে ঢাবিতে মানববন্ধন
নরসিংদীতে রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী ববি বেগম (৭০) নিহত হওয়ার ঘটনায় বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি সারা দেশে জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে জানানো হয়।
আজ শনিবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘উদ্বিগ্ন জনতা’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি তোলা হয়।
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমকে ৪ জুলাই রাত ২টার দিকে মারধরের পর তাঁর দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। হামলায় গুরুতর আঘাত নিয়ে ৭ জুলাই রাতে তিনি মারা যান।
ববি বেগম হত্যার বিচার চেয়ে ডাকা মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন। সেখানে বক্তারা বলেন, বাক্প্রতিবন্ধী ববি বেগমের ওপর সংঘটিত নৃশংস হামলা ও মৃত্যুর ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়; এটি দেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার একটি উদ্বেগজনক প্রতিচ্ছবি।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ছিনতাই, হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ নানা ধরনের সহিংস অপরাধ সংঘটিত হলেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।
ববি বেগম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, তাঁর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা এবং সারা দেশে জননিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয় মানববন্ধন থেকে।
বক্তারা বলেন, একজন অসহায়, প্রবীণ ও বাক্প্রতিবন্ধী নারীর ওপর এমন নির্মম হামলা সভ্য সমাজের জন্য লজ্জার। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা আরও ক্ষুণ্ন হবে। জনগণের জীবন, নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্র ও সরকারকে সমান গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।