দুই বছরে ৫০০ ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল: ঢাকার জেলা প্রশাসক
ঢাকার জেলা প্রশাসক মমিনুর রহমান জানিয়েছেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ করার কারণে গত দুই বছরে ৫০০ ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। ভবিষ্যতেও যাঁরা শর্ত ভঙ্গ করবেন, তাঁদের লাইসেন্স বাতিল হবে।
বায়োমেট্রিক পদ্ধতিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিবন্ধনের বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগ নিয়ে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মমিনুর রহমান এই তথ্য জানান।
আজ সরেজমিন দেখা যায়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখায় বায়োমেট্রিক পদ্ধতিতে লাইসেন্সের নিবন্ধন চলছে। যাঁরা আগে লাইসেন্স নিয়েছেন, তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নিবন্ধন করতে পারছেন।
মমিনুর রহমান বলেন, ঢাকায় ১২ হাজারের বেশি মানুষ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন। যাঁরা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী, তাঁদের ম্যানুয়াল তথ্য তাঁদের (জেলা প্রশাসক) কাছে রয়েছে। তবে লাইসেন্সধারীদের সব তথ্যসংবলিত তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্যভান্ডারের মাধ্যমে এক ক্লিকে লাইসেন্সধারীদের সব তথ্য জানা সম্ভব হবে।
ঢাকার জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, চট্টগ্রামসহ দেশের ২৭টি জেলায় ইতিমধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের তথ্যভান্ডার গড়ে তোলা হয়েছে। ঢাকাসহ বাকি জেলাগুলোয় তথ্যভান্ডার গড়ে তোলা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ঢাকায় অস্ত্রের লাইসেন্সধারীদের তথ্যভান্ডার গড়ে তোলার কাজ শেষ করা হবে। আর বাকি জেলাগুলোয় ছয় মাসের মধ্যে তথ্যভান্ডার তৈরির কাজ শেষ হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ আমল থেকে ঢাকা জেলা প্রশাসন ঢাকা মহানগর ও ঢাকার পাঁচ উপজেলার সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়ে আসছে। পাশাপাশি লাইসেন্স নবায়ন করে আসছে।
দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স দেওয়ার জন্য ‘স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করা হয়েছে। এই ব্যবস্থায় লাইসেন্সের তথ্যভান্ডার, লাইসেন্সধারীদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। পরে লাইসেন্সধারীদের দেওয়া হবে একটা স্মার্ট কার্ড।
মমিনুর রহমান বলেন, ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে দেওয়া ১৮ ধরনের নিরাপত্তাসংবলিত স্মার্ট কার্ড বৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে সহায়তা করবে। পাশাপাশি কাগুজে লাইসেন্স ব্যবহারের জটিলতা দূর করবে। আগ্নেয়াস্ত্র নবায়ন পদ্ধতি ডিজিটালাইজড হয়ে গেলে নানান ভোগান্তির অবসান ঘটবে।