টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন মনসুর আহমেদ চৌধুরী ও ফিলিপ গাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনসুর আহমেদ চৌধুরী, ফিলিপ গাইন
ছবি: সংগৃহীত

দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডে নতুন দুই সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী ও সোসাইটি অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) প্রতিষ্ঠাতা-পরিচালক ফিলিপ গাইন। গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত টিআইবির ১১৫তম বোর্ড সভায় আগামী তিন বছরের জন্য তাঁদের নির্বাচিত করা হয়। টিআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুল আলোচিত ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’র উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী মানবাধিকার, বিশেষ করে প্রতিবন্ধীদের অধিকারের নিশ্চয়তাসহ তাঁদের জীবনমানের সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন। অন্যদিকে আলোকচিত্রী ও সংবাদকর্মী ফিলিপ গাইন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে আদিবাসী সমাজের মানবাধিকার ও পরিবেশবিষয়ক কাজের জন্য সুপরিচিত।

মনসুর আহমেদ চৌধুরী ‘জাতীয় প্রতিবন্ধী ফোরাম’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবন্ধীবিষয়ক কমিটির সদস্য হিসেবে (২০০৯-১২ মেয়াদে) দায়িত্ব পালন করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন পদক, সিলেট রত্নপদক, আজীবন সম্মাননা (সিঙ্গার বাংলাদেশ ও চ্যানেল আই) এবং সিনিয়র অশোক ফেলোশিপ সম্মানে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবন্ধীবিষয়ক থিমেটিক গ্রুপের সদস্য ছাড়াও বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে প্রতিবন্ধীবিষয়ক প্রবন্ধ উপস্থাপন ও প্রতিবন্ধীদের অধিকারসংশ্লিষ্ট আলোচনার জন্য সুপরিচিত।    

ফিলিপ গাইন সাংবাদিকতার অভিজ্ঞতা ব্যবহার করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও পরিবেশ নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিবেদন, তথ্যচিত্র নির্মাণ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনের সঙ্গে যুক্ত। তিন দশকের অভিজ্ঞতার আলোকে ফিলিপ গাইনের রচিত বিভিন্ন গ্রন্থ ও গবেষণা প্রতিবেদন মিডিয়া–ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের অংশীজনদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য–উৎস হিসেবে বিবেচিত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে ‘স্টোলেন ফরেস্ট’ ও ‘সারভাইভাল অন দ্য ফ্রিঞ্জ: আদিবাসিজ অব বাংলাদেশ’ পরিবেশ ও আদিবাসীবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য–আকর হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যরা হলেন সভাপতি অধ্যাপক পারভীন হাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকী, কোষাধ্যক্ষ মাহফুজ আনাম। সদস্যরা হলেন জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, পারভীন মাহমুদ, অধ্যাপক ফখরুল আলম ও আইনজীবী সুস্মিতা চাকমা।

উদ্ভাবনী গবেষণা ও অনুসন্ধানী সাংবাদিকতা ও নীতি পরিবর্তনে অবদানের জন্য ফিলিপ গাইন ১৯৯০ সালে আশোকা, ১৯৯৩ সালে আলফ্রেড ফ্রেন্ডলি এবং ২০০২ সালে আমেরিকার ইয়েল বিশ্ববিদ্বালয়ের আন্তর্জাতিক ফেলো নির্বাচিত হন।