আওয়ামী লীগ নেতা বকর হত্যার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক (৩৭) হত্যায় প্রধান অভিযুক্ত মুশফিকুর রহমান ওরফে ফাহিমকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করেছে।
ডিবি বলেছে, গ্রেপ্তার মুশফিকুর রহমান যাত্রাবাড়ী থানা যুবদলের সহসভাপতি। বুধবার রাতে মুশফিকুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ডিবি ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজহারুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এ নিয়ে আবু বকর সিদ্দিক হত্যার ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। ডিবির ওয়ারী বিভাগ এই হত্যা মামলার ছায়া তদন্ত করছে।
গত ১৬ আগস্ট রাতে বাসায় ফেরার পথে শহীদ ফারুক সড়কে মুশফিকুর রহমানসহ কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন আবু বকরের ভাই মো. বাচ্চু মিয়া বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়।
যাত্রাবাড়ী থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে ফালান, সেলিম ও আল আমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা এখন কারাগারে আছেন।
নিহত আবু বকর ঢাকা মহানগর দক্ষিণের ৪০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর ভাই বাচ্চু মিয়া এজাহারে উল্লেখ করেন, ফুটপাতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের টাকা লেনদেনকে কেন্দ্র করে আবু বকরের সঙ্গে মুশফিকুরের বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে মুশফিকুরের নেতৃত্বে কয়েকজন ছুরি ও চাকু দিয়ে আবু বকর ও তাঁর বন্ধু রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।