‘বাবার ওপর রাগ করে’ পাঁচতলা ভবনের ছাদের কার্নিশে তরুণ, অতঃপর...
রাজধানীর হাজারীবাগের একটি পাঁচতলা ভবনের ছাদের কার্নিশ থেকে এক তরুণকে উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে আজ সোমবার হাজারীবাগের মধুবাজার এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৯৯৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবার ওপর রাগ করে ২০ বছর বয়সী ওই তরুণ ভবনের ছাদের রেলিং টপকে কার্নিশে গিয়ে বসে ছিলেন। ছেলে লাফ দিয়ে আত্মহত্যা করতে পারেন, সেই ভয়ে তাঁর কাছে যাচ্ছিলেন না বাবা। পরে নিরুপায় হয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন তিনি।
ওই ফোনকল ধরেন সে সময় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মৃদুল আহমেদ। বিষয়টি তিনি হাজারীবাগ থানা এবং মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনকে জানান। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্বে দেওয়া দীন মোহাম্মদ বলেন, তাঁরা ওই তরুণকে এক আত্মীয়ের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত রাখেন। একই সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছাদে উঠে তরুণকে উদ্ধার করেন।