বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন দাবি উদীচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীচী শিল্পীগোষ্ঠী

বঙ্গবাজারের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি করেছে সংগঠনটি। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান।  

বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, করোনা মহামারি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেও আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে বড় ধরনের ব্যবসা করে ঘুরে দাঁড়ানোর আশায় ছিলেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। সে লক্ষ্যে অনেকে ধারদেনা করে অথবা সঞ্চয় ভাঙিয়ে বিপুল পোশাক তুলেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার অগ্নিকাণ্ডে সে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে তাঁদের।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় উদীচীর বিবৃতিতে। বিবৃতিদাতারা বলেন, শুধু যে বঙ্গবাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা–ই না। বঙ্গবাজারের পোশাকের সরবরাহের ওপর নির্ভর করে সারা দেশের যেসব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ব্যবসা করতেন, তাঁরাও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

বিবৃতিতে বলা হয়, আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের স্থানে বহুতল মার্কেট ভবন হবে বলে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে সেখানে যেন বঙ্গবাজারে যাঁরা নিয়মিত ব্যবসা করতেন, তাঁরাই নতুন ভবনে দোকান ও জায়গা বরাদ্দ পান, সেটি নিশ্চিত করতে হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আবারও ব্যবসা শুরু করতে পারেন, সে জন্য যথাসাধ্য তাঁদের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।