জাতীয় ঈদগাহের কাছে এক ঘণ্টায় দুজনের মরদেহ উদ্ধার

জাতীয় ঈদগাহফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর জাতীয় ঈদগাহের কাছাকাছি আলাদা দুটি জায়গা থেকে এক ঘণ্টার মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনেই পুরুষ। তবে তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি।

আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ জাতীয় ঈদগাহের পাশের ফুটপাত থেকে, আরেকজনের ঈদগাহ–সংলগ্ন কদম ফোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে। একজনের বয়স আনুমানিক ৬৫ ও আরেকজনের ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুজনেই ভবঘুরে হতে পারেন। তাঁরা ঈদগাহের আশপাশের ফুটপাতে থাকতেন। অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. মনিরুজ্জামান বলেন, জাতীয় ঈদগাহের পাশের ফুটপাতে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।