মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতি নিয়ে ফিরেছে ফেব্রুয়ারি। বাঙালির গৌরবের একুশে ফেব্রুয়ারি এখন পুরো বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ থেকে শিল্পী–সাহিত্যিকদের উজ্জীবিত করেছে মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের এই ইতিহাস। এর দৃষ্টান্ত দেখা গেল ষষ্ঠ ঢাকা আর্ট সামিটে। মাতৃভাষা আন্দোলনের ইতিহাসে অনুপ্রাণিত হয়ে বেলজিয়ামের শিল্পী মিত ওয়ারলপ একটি বিশাল শিল্পকর্ম করেছেন।
রাজধানীর শিল্পকলার জাতীয় চিত্রশালার প্রবেশ পথের সামনেই মিত ওয়ারলপের ‘চ্যান্ট ফর হোপ’ নামের শিল্পকর্মটি রয়েছে। বাংলা ভাষার বিভিন্ন শব্দ সাদা প্লাস্টিকের ছাঁচে-ঢালাই করে টালির মতো ফলক তৈরি করা হয়েছে। ফলকগুলো মাটি থেকে অনেকটা উপরের দিকে চিত্রশালার দেয়ালে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে। দূর থেকে দেখে মনে হয়, যেন সাদা টালিগুলোর ওপর কিছু লেখা হয়েছে। তবে কাছে এলে দেখা যায় পর পর অনেক শব্দ আছে, পরিপূর্ণ অর্থবোধক বাক্য নেই।
যেমন ‘হ্যাঁ’, তুমি, ইচ্ছা, নামাও, যাও, উড়াও, করো—এমন অনেক শব্দ আছে এখানে। এর মধ্যে থেকে শব্দ বেছে নিয়ে বাক্য তৈরি করা যেতে পারে। এই স্থাপনার সঙ্গে শিল্পী দর্শকদের নিয়ে একটি পারফরমেন্সও করে থাকেন। তাতে থাকে সুর, শব্দ, ভাস্কর্যের আঙ্গিকে তৈরি এসব ফলক। এর ভেতর দিয়ে তিনি মূলত একটি উন্নত বিশ্বের জন্য আশাবাদের প্রেরণা সৃষ্টি করতে প্রয়াস পান। অতীতের সব ক্লান্তি দূর করে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা।
পারফরমেন্স ছাড়াও দর্শকেরা এই স্থাপনাটির সামনে দাঁড়িয়ে সেখান থেকে শব্দ বাছাই করে নিজের মতো করে একটি অর্থময় বাক্যও সৃষ্টি করতে পারেন। এতে দর্শকেরা এই শিল্পকর্মের সঙ্গে একাত্ম হতে পারার বাড়তি আনন্দ উপভোগ করতে পারবেন।
সামদানী আর্ট ফাউন্ডেশনের আয়োজনে গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ঢাকা আর্ট সামিটের ষষ্ঠ আসর। এবারের প্রতিপাদ্য বন্যা। সামিটে দেশ বিদেশের প্রায় ১৬০ জন শিল্পী অংশ নিয়েছেন। চিত্রকলার পাশাপাশি ভাস্কর্য, স্থাপনা, আলোকচিত্র, ভিডিও, লেজার, পারফরমেন্স, গ্রন্থ প্রকাশনা, চলচ্চিত্র প্রদর্শনী, বিষয়ভিত্তিক আলোচনাসহ প্রতিদিন থাকছে বৈচিত্র্যময় আয়োজন।
জলমগ্ন স্বপ্ন
জাতীয় চিত্রশালার ভেতরে প্রবেশ করলেই নিচের তলায় চোখে পড়বে মেঝের মাঝখানে থাকা স্তম্ভটি ঘিরে বৃত্তাকারে বিশাল এক স্থাপনাকর্ম। মেঝেতে ছোট ছোট অসংখ্য মানুষ নানা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তাদের মাথার খানিকটা ওপরে ভাসছে বিভিন্ন মাছ আর জলজ প্রাণি। এগুলো সুতোয় বেঁধে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর স্তম্ভটির সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুজন নারী-পুরুষ মাথার ওপরে এক প্রাসাদের ছবি তুলে ধরে আছেন। এই শিল্পকর্মটি করেছেন বাংলাদেশর তরুণ প্রজন্মের শিল্পী জয়দেব রওজা।
১৯৬২ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে চাকমাদের বসতবাড়িসহ বিশাল এলাকা প্লাবিত হয়। চাকমা রাজপ্রাসাদটিও ডুবে যায়। এখন প্রতিবছর বহু মানুষ আসে কাপ্তাই হ্রদে নৌকা ভ্রমণের জন্য। কিন্তু তাদের অনেকই এই হ্রদের নেপথ্যের ইতিহাস জানে না। জয়দেব রওজা কাপ্তাই হ্রদ তৈরির সেই নেপথ্যর ইতিহাস তুলে ধরেছেন এই শিল্পকর্মে। তিনি দেখাতে চেয়েছেন, সর্বত্রই উন্নয়নমূলক কাজের নেপথ্যে থাকে বহু মানুষের ত্যাগ, কষ্ট আর বেদনার ইতিহাস।
বৃষ্টির বন্দনা
‘আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে, বা ‘মেঘ দে পানি দে’ বৃষ্টির জন্য এমন গান এই দেশে কে শোনেনি! বৃষ্টিবন্দনা শুধু আমাদের দেশেই নয়, ধরণী শুকিয়ে এলে পৃথিবীজুড়ে বহু মানুষ বহু ভাষায় বৃষ্টিকে আবাহন করে থাকেন। শুধু গানে কথায় কথায় নয়, বৃষ্টির জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনেরও রীতি রেওয়াজ রয়েছে দেশে দেশে, সমাজে সমাজে।
মূলত এর ওপর ভিত্তি করেই চিত্রাঙ্কন করছেন ফ্রান্সের শিল্পী পল ট্যাবুরেট। চিত্রশালার পাঁচ নম্বর গ্যালারিতে রয়েছে পলের বড় আকারের দুটি চিত্রকর্ম। শুধু আকারে জন্যই নয়, বিষয়বস্তুর কারণেও ছবি দুটি দর্শকদের দৃষ্টি কেড়েছে। পটজুড়ে কুচকুচে কালো আকারে বিরাট দুটি মানব আকৃতি। তাঁরা রয়েছে নৃত্যর ভঙ্গিতে। নেপথ্য রয়েছে লাল, নীল, সবুজ ও হলুদ রঙের পটভূমি। এগুলো বজ্র ও বিদ্যুতের আঙ্গিক ফুটিতে তুলেছে।
পল চিরায়ত রীতির তুলির টানের সঙ্গে হাল আমলের এয়ার ব্রাশের ব্যবহার করে এক বিশেষ ধরনের দ্যোতনা সৃষ্টি করেন তাঁর কাজে। সেখানে এক রকমের আধ্যাত্মিকতার সঙ্গে ভৌতিক আবহও ফুটে ওঠে পটজুড়ে।