মিছিল থেকে ছাত্রদলের নারী কর্মী গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিএনপির একটি মিছিল থেকে ঊর্মি ভূঁইয়া নামের ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হলেও বিষয়টি আজ শুক্রবার পুলিশ নিশ্চিত করে। ঊর্মি এখন কাশিমপুর কারাগারে আছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক ভূঁইয়া আজ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার মিছিল থেকে ঊর্মিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে নাশকতার একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে ঊর্মির পরিবারের দাবি, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো নাশকতার সঙ্গে তিনি জড়িত নন। রাজনৈতিক করার কারণে তাঁকে নাশকতার মামলায় ফাঁসানো হয়েছে।

ঊর্মি ভূঁইয়ার ছোট ভাই তানসি ভূঁইয়া আজ প্রথম আলোকে বলেন, তাঁর বোন চার বছর ধরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের রাজনীতি করেন। তবে দলীয় কোনো পদ-পদবি নেই। পরিবার তাঁর জামিনের চেষ্টা করছে।

তানসি আরও জানান, তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লায়। ঊর্মি কুমিল্লার সাহেবাবাদ ডিগ্রি কলেজে অধ্যয়নরত। থাকেন ঢাকায়।

কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাছির উদ্দীন প্রথম আলোর কাছে দাবি করেন, ঊর্মিকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি মামলায় ২০২১ সালে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা। ওই মামলায় এজাহারে নাম না থাকলেও তাঁকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরেকটি মামলা গত মঙ্গলবারের।

নাছিরের দাবি, এবারের চলমান আন্দোলনে এই প্রথম ছাত্রদলের কোনো নারী সদস্য গ্রেপ্তার হলেন। আটকের পর থানা ও আদালতের হাজতে তাঁর সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। তাঁকে শীতের কাপড় পর্যন্ত দেওয়া হয়নি।