ডেঙ্গুতে আজও মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৭৭
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৭ জন। তাঁদের মধ্যে ৪০ জন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে এবং ১৩৭ জন ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত শনিবার ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বরের ২১ দিনে এ পর্যন্ত ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেছেন ১ হাজার ৬৯২ জন।
চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ২০ হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯ হাজার ৭১৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ১০ হাজার ৩৪২ জন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৫৩ জন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বরে। ওই মাসে ডেঙ্গুতে ৩৯৬ জনের মৃত্যু হয়।
গত শতাব্দীর ষাটের দশকে দেশে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ডেঙ্গু ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। এরপর প্রতিবছর কমবেশি ডেঙ্গুর সংক্রমণ দেখা দিতে থাকে। তবে ডেঙ্গু বড় বড় শহরে সীমাবদ্ধ ছিল। ২০১৯ সালে বড় বড় শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়।