রাজধানীর ডেমরায় লরির ধাক্কায় পথচারী নিহত
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মালবাহী লরির ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন পেশায় গাড়িচালক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায়। তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন।
নিহতের ভাগনে মো. রাহিম জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি মালবাহী লরি কামাল হোসেনকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।