কোনো মুসল্লিকে বাধা দেওয়া হয়নি: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বিপ্লব কুমার সরকার
ছবি: সংগৃহীত

মুসল্লিদের ছদ্মবেশে জামায়াতে ইসলামী পুলিশের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছে বলে দাবি করেছেন মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বিপ্লব কুমার সরকার।  আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মুসল্লিদের জুমার নামাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে—এমন প্রশ্ন করা হলে বিপ্লব কুমার সরকার বলেন, এটা মিথ্যা অভিযোগ। কোনো মুসল্লিকে বাধা দেওয়া হয়নি। বরং পবিত্র জুমার নামাজ আদায় করে যে যাঁর মতো বাসায় চলে যাবেন, পুলিশ তাঁদের সহযোগিতা করছে। কিন্তু এখানে ৪০ থেকে ৫০ জন ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছে।

আরও পড়ুন

এই স্লোগান কারা দেয় এটা আপনাদের বুঝতে হবে। এটা দেয় বাংলাদেশে নিষিদ্ধ একটি দল জামায়াতে ইসলামী। যে রাজনৈতিক দলটি ১০ তারিখের সমাবেশের ডাক দিয়েছে, জামায়াত ওতপ্রোতভাবে তাদের সঙ্গে যুক্ত।

বিপ্লব সরকার বলেন, ‘জামায়াতই নারায়ে তাকবির স্লোগান দিয়ে এখানে ঢোকার চেষ্টা করেছে। কারণ, এটা বিএনপির স্লোগান নয়। জামায়াতে ইসলামী এখানে ঢুকে পুলিশের সঙ্গে ঝগড়া বা ঝামেলায় লিপ্ত হওয়ার চেষ্টা করছিল। আমরা তাদের ডেসপাস করে দিয়েছি।’

সাধারণ মুসল্লি বেশে নয়াপল্টন এলাকায় আজকে জামায়াত ঝামেলা বা আক্রমণ করার চেষ্টা করেছে জানিয়ে বিপ্লব কুমার বলেন, কোনো অপরাধী বা দুষ্কৃতকারী নাশকতার চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জামায়াতকে তো ছাড় দেওয়া হবেই না।

নয়াপল্টন এলাকায় নিরাপত্তা শঙ্কা আছে কি না, জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, ‘টাইম টু টাইম নিরাপত্তাব্যবস্থা বিশ্লেষণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হয়। যখন আমরা মনে করি কোনো শঙ্কা আছে, নিরাপত্তা জোরদার করি।’