আখেরি মোনাজাত উপলক্ষে সারা দিন চলবে মেট্রোরেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোরেলে চড়ার জন্য সকাল বেলা আগারগাঁও স্টেশনে এসে অপেক্ষার পড় ট্রেন প্ল্যাটফর্মে
ছবি: দীপু মালাকার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন ২২ জানুয়ারি (রোববার) বাড়তি সময় চলবে মেট্রোরেল। ইজতেমায় আসা ও ইজতেমাফেরত ব্যক্তিদের যাতায়াতের সুবিধায় এই সেবা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টঙ্গীর তুরাগ নদীর তীরে ১৩ থেকে ১৫ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছর ইজতেমা শেষ হবে।

ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে ২২ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত বিরামহীনভাবে মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে বলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ জন্য ওই দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

গত ২৮ ডিসেম্বর ঢাকার প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। ২৫ জানুয়ারি থেকে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরুর কথা রয়েছে। তার আগেই ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।