হাইকোর্টের আদেশে ফুডপ্যান্ডা ও ডেলিভারি হিরোর ৫ কর্মকর্তার দুই মামলার কার্যক্রম স্থগিত

হাইকোর্ট ভবনফাইল ছবি

দেশের অন্যতম অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা (বাংলাদেশ) ও ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে ওই পাঁচ কর্মকর্তার করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গত রোববার রুলসহ এ আদেশ দেন।

এই পাঁচ কর্মকর্তা হলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার ও পরিচালক মো. সাজেদুল হক।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ফুডপ্যান্ডা ও ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ৩ জুলাই ঢাকার নিম্ন আদালতে মামলা দুটি করেন আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির। আদালত মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তের পর পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে গত ২২ জুন ও ২৬ জুলাই আদালতে পৃথক তদন্ত প্রতিবেদন দাখিল করে গুলশান থানা–পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ আমলে নিয়ে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেন তাঁরা। এর শুনানি নিয়ে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তাঁরা।

মামলা দুটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। ওই দুই মামলায় গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেওয়ার প্রেক্ষাপটে মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পাঁচ কর্মকর্তা।

মামলা বাতিল চেয়ে করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে ১৮ অক্টোবর (গত রোববার) হাইকোর্ট রুল দিয়ে মামলা দুটির কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন। আদালতে পাঁচ কর্মকর্তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং আইনজীবী কাজী এরশাদুল আলম ও মশিউর রহমান।

হাইকোর্ট মামলা দুটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন বলে জানান পাঁচ কর্মকর্তার আইনজীবী কাজী এরশাদুল আলম। তিনি বুধবার প্রথম আলোকে বলেন, ‘ফুডপ্যান্ডার সহযোগী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেড, যেটি প্যান্ডামার্ট নামে পরিচিত। পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা দুটির কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। মামলার বাদীকে (শিহাব মাহমুদ বশির) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।’