কাকরাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
রাজধানীর কাকরাইলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে কাকরাইলের স্কাউট ভবনসংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকালে পুলিশ এই তথ্য জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪০)। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। বাবার নাম সৈয়দ আলী। স্ত্রী নার্গিসকে নিয়ে রাজধানীর সবুজবাগ এলাকায় থাকতেন শহিদুল।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জলিল বলেন, গতকাল রাতে কাকরাইল থেকে নয়াপল্টনের দিকে যাওয়ার পথে স্কাউট ভবনসংলগ্ন সড়কে একটি গাড়ি শহিদুলের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে শহিদুল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যে গাড়িটি ধাক্কা দিয়েছে, সেটিকে শনাক্তের চেষ্টা চলছে।
শ্যালক জুবায়ের হোসেন বলেন, শহিদুল মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। গত রাতে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জুবায়ের বলেন, পাশের গলি থেকে একটি কুকুর হঠাৎ দৌড়ে শহিদুলের মোটরসাইকেলের সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে তিনি ডানদিকে বাঁক নেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়।