হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ৮১৬
হামের উপসর্গে দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। ৬ জনই ঢাকা জেলার বাসিন্দা।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন মোট ৭২১ জন। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬ জনে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এ পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৬১৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২।
হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর থেকে গত মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪২ হাজার ১৭৪ জন হাম কিংবা হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। এই সময়ে এত রোগী আর কোনো দেশে পাওয়া যায়নি।