‘ওই পর্যন্ত যাইতে পারবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। আজ শনিবার বেলা ১১টায়
ছবি: প্রথম আলো

ছুটির দিনেও রাজধানীর কারওয়ান বাজার এলাকা তেমন একটা ফাঁকা থাকে না। অনেকে মাসিক-সাপ্তাহিক বাজারের জন্য ছুটির দিনে কারওয়ান বাজারে আসেন। তবে আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এলাকাটি তুলনামূলক ফাঁকা।

আজ রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচি রয়েছে। আরও বেশ কয়েকটি দল-জোট আজ রাজধানীতে সমাবেশ করছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে ‘কি–না–কি হয়’ ভেবে ক্রেতাদের অনেকে আজ কারওয়ান বাজারে আসেননি বলে ধারণা দোকানিদের।

আজ বেলা ১১টার দিকে কারওয়ান বাজার এলাকার নির্মাণাধীন মেট্রোরেলের সিঁড়ির সামনে দেখা গেল এক দল মানুষের জটলা। তাঁরা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। তাঁরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন।

কারওয়ান বাজারে বাজার করতে আসা লোকজন দ্রুত এই জায়গা পার হয়ে যে যাঁর গন্তব্যে যাচ্ছিলেন। কেউ কেউ নির্মাণাধীন মেট্রোরেলের নিচে রেলিং টপকে সড়ক পার হচ্ছিলেন।

আজ সড়কে বাসের সংখ্যা তুলনামূলক কম। তবে সিএনজিচালিত অটোরিকশা ও শেয়ারিং রাইডের মোটরসাইকেল ভালোই সড়কে চলাচল করছে।

সড়কে লোকজন দেখলে তাঁদের যাত্রী মনে করে সিএনজিচালিত অটোরিকশা ও শেয়ারিং রাইডের মোটরসাইকেলের চালকেরা জিজ্ঞাসা করছিলেন, ‘কোথায় যাবেন, কোথায় যাবেন?’

কারওয়ান বাজারে কয়েকজন চালকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের আলোচনায় ঘুরেফিরে আসে, আজকের পাল্টাপাল্টি সমাবেশের কথা।

ঘোষণা অনুযায়ী, আজ বেলা দুইটা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের সমাবেশ।

দুপুর ১২টার দিকে কারওয়ান বাজারে কথা হয় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আল আমিনের সঙ্গে। যাত্রী নিয়ে পল্টন এলাকায় যেতে পারছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, আধঘণ্টা আগে ওই দিকে যাত্রী নামিয়েছেন। মহাখালীর আমতলী থেকে তিনজন যাত্রী উঠেছিলেন। রাস্তা বন্ধ থাকায় যাত্রীরা কাকরাইলের বিচারপতি ভবনের সামনের রাস্তায় নেমে যান।

আল আমিন এই প্রতিবেদককে প্রশ্ন করেন, ‘আপনি কি এখন ওই দিকে (পল্টন এলাকা) যাইতে চান? ওই পর্যন্ত যাইতে পারবেন না।’

ফিরোজ খান নামের আরেক অটোরিকশাচালক বলেন, ‘ওই দিকে আইজ যাইতে পারবেন না। সমাবেশের কারণে পুলিশ রাস্তা বন্ধ রাখছে।’

ফিরোজ খান জানান, তিনি বেলা ১১টার দিকে ওই দিকে যাত্রী নামিয়েছেন। এখন মিন্টো রোড পর্যন্ত যাত্রী নিতে পারবেন।

কারওয়ান বাজার মোড়ে ভিড় করে দাঁড়িয়েছিলেন শেয়ারিং রাইডের মোটরসাইকেল চালকেরা। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে যোগ দেওয়ার জন্য আজ মোটরসাইকেল রাইডের চাহিদা বেশি থাকবে বলে তাঁরা ধারণা করছেন।

রানা নামের এক মোটরসাইকেলচালক বলেন, বাংলামোটর ও শাহবাগ পর্যন্ত গিয়ে কিছু বাসকে গিয়ে ঘুরে চলে আসতে দেখেছেন তিনি। তিনি নিজেও আধঘণ্টা আগে সেখানে যাত্রী নামিয়েছেন। এখন যতটুকু পর্যন্ত যাওয়া যায়, ততটুকু যেতে রাজি আছেন তিনি।

কথা বলার একপর্যায়ে যাত্রাবাড়ী গন্তব্যের এক যাত্রীকে নেন এক মোটরসাইকেলচালক। ঠিকঠাক যেতে পারবেন—প্রশ্ন করতেই চালক বলেন, ‘প্রয়োজনে ঘুরে ঘুরে যাব।’

কারওয়ান বাজার এলাকায় আজ বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সোনারগাঁও হোটেলের সামনে টহলরত পুলিশেরা এই এলাকায় যানবাহন ভিড় করতে দিচ্ছিল না।

কারওয়ান বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশনস) নিজাম উদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘সমাবেশ ঘিরে নিরাপত্তা বজায় রাখতে জায়গায় জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পল্টন এলাকার দিকে কাউকে যেতে বাধা দেওয়া হচ্ছে না।’