রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর দুটি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে যাত্রাবাড়ীর শনিরআখড়া ও দুপুরে শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল আরোহী মো. সাজিদ হাসান (২৮) ও ভ্যানচালক মো. শফিকুল ইসলাম (৩৮)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে শনিরআখড়ার রায়েরবাগ এলাকায় সিএনজিচালিক অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাজিদ হাসান। পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢামেকে নিয়ে যান। পরে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪২ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পথচারী সোহান বলেন, একটি সিএনজি অটোরিকশা পাশ থেকে চাপ দিয়ে চলে গেলে সাজিদ মোটরসাইকেল নিয়ে পড়ে যান। সাজিদ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. সোলাইমানের ছেলে। তিনি আল-মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডে পণ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে বেলা দেড়টার দিকে শ্যামপুরের ধোলাইপাড় জালালাবাদ হামিদা সিএনজি পাম্পের সামনে দ্রুতগতির একটি অটোমিশুকের ধাক্কায় একটি ভ্যান উল্টে যায়। এতে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক শফিকুল ইসলাম। পরে তাঁকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে বেলা পৌনে তিনটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী মিজান শেখ বলেন, শফিকুল কার্টুন তৈরির মালামাল নিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এ সময় অটোমিশুকটি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

শফিকুলের বড় ভাই শরিফুল ইসলাম জানান, তাঁর ভাই পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামে। শফিকুল বর্তমানে সবুজবাগের বাসাবো এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, দুটি মরদেহই হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।