তার কাটার সময় সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টপ্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোবারক হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সবুজবাগের বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠসংলগ্ন একটি শৌচাগারের (টয়লেট) দক্ষিণ পাশের দেয়ালের নিচ থেকে মোবারকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নরোত্তম বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মোবারকের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। তাঁর বাবার নাম মঙ্গল মিয়া। সম্প্রতি তিনি ঢাকায় এসে পূর্ব বাসাবো টেম্পোস্ট্যান্ড এলাকায় থাকছিলেন। আগে তিনি নিরাপত্তাকর্মীর কাজ করলেও বর্তমানে কোনো পেশায় যুক্ত নেই।

মোবারকের ভাগনে সুমন ইসলাম বলেন, দেড় মাস আগে গ্রাম থেকে ঢাকায় আসেন তাঁর মামা। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ সীমিত ছিল। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁরা জানতে পারেন, বৈদ্যুতিক তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।