বাড্ডায় দেয়াল ধসে দুই শিশু নিহত
রাজধানীর বাড্ডায় রাস্তার পাশে একটি বাড়ির পুরোনো সীমানাদেয়াল ধসে দুই কন্যাশিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের নাম আয়েশা মনি (১২) ও নুসরাত (৫)।
নিহত আয়েশার বাবা মো. ইকবাল বলেন, সকালে তাঁর মেয়ে আয়েশা ও নুসরাত বাসার পাশে খেলা করছিল। হঠাৎ পাশের নির্মাণাধীন বাড়ির পুরোনো সীমানাদেয়াল ধসে পড়ে। এ সময় আয়েশা ও নুসরাত দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুই শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।নিহত আয়েশা মনি কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রংমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। তারা পরিবারসহ উত্তর বাড্ডা পূর্বাঞ্চল এলাকায় নিজ ড়িতে থাকত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় আয়েশা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।আর নিহত নুসরাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মালোয়াদি গ্রামের রডমিস্ত্রি মো. শরিফের মেয়ে। সে পরিবারসহ উত্তর বাড্ডা পূর্বাঞ্চলে নিহত আয়েশাদের বাড়িতে ভাড়া থাকত।